শাহজালাল বিমানবন্দরে ২ কেজি স্বর্ণ উদ্ধার, বাজারমূল্য ৩ কোটি ৭৮ লাখ টাকা
গুরুদাসপুর সময়
নিউজ প্রকাশের তারিখ : Nov 24, 2026 | সংবাদটি দেখেছেন : 28
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ১৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ২ কেজি ১০৬ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা।
সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে দুবাই থেকে আসা ফ্লাইদুবাইয়ের (FZ501) একটি ফ্লাইটের যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের কাস্টমস হল এলাকার গ্রিন চ্যানেলে সতর্ক অবস্থান নেন গোয়েন্দা কর্মকর্তারা। এ সময় ওই ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ রুহুল আমিনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাপাশি তাঁর সঙ্গে থাকা সব লাগেজ স্ক্যান করা হয়।
পরে শরীরের ভেতরে বা সঙ্গে লুকিয়ে অবৈধ পণ্য বহনের সন্দেহে ওই যাত্রীকে স্ক্যান করা হলে তিনি স্বর্ণের বার থাকার কথা স্বীকার করেন।
এরপর বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা ও অন্যান্য সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে তাঁর কাছ থেকে স্কচটেপে মোড়ানো কয়েকটি ধাতব বস্তু উদ্ধার করা হয়। পরে কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে সবার সামনে স্কচটেপ খুলে প্রতিটি ১১৭ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার পাওয়া যায়।
উদ্ধার করা স্বর্ণের বারগুলোর মোট ওজন ২ হাজার ১০৬ গ্রাম বা ২ কেজি ১০৬ গ্রাম। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা।
এ ঘটনায় সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আপনার মতামত লিখুন :