গুরুদাসপুরে শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
গুরুদাসপুর সময়
নিউজ প্রকাশের তারিখ : Nov 23, 2026 | সংবাদটি দেখেছেন : 65
নাটোরের গুরুদাসপুরে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের নানা সমস্যা চিহ্নিত করে সমাধানের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা অফিসের তত্ত্বাবধানে উপজেলা শিক্ষকদের আয়োজনে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার ৫৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানসহ বিভিন্ন স্তরের শিক্ষিক অংশ নেন।
শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফাহমিদা আফরোজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজ। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. রোস্তম আলী হেলালী।
সভায় শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, ঝরে পড়া রোধ, পাঠদানের মানোন্নয়ন, পরীক্ষার ফলাফল উন্নয়ন, মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
পৌর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিগার সুলতানা রেখা সঞ্চালনায় বক্তব্য দেন খাকড়াদহ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. ওসমান গণি, সহকারী শিক্ষক জহুরুল ইসলাম, শিকারপাড়া মডেল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. লুৎফর রহমান, গুরুদাসপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লিপি রানী সরকার, নূর মোহাম্মদ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. হারুন উর রশিদ, মামুদপুর মোল্লাবাজার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মাসুদুল হক, কাছিকাটা স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান রান্টু, খুবজীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিসুর রহমান ও সোনাবাজুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মজিত।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সেলিম আকতার ও একাডেমিক সুপারভাইজার বজলুর রহমান।এছাড়াও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় শিক্ষকরা বলেন, শিক্ষার মানোন্নয়ন সরকারের একার পক্ষে সম্ভব নয়; শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রশাসন ও সমাজের সম্মিলিত উদ্যোগেই মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা আশঙ্কাজনকভাবে কম, সেসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে সরকারি বিধি ও নীতিমালা অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা বেশি প্রতিষ্ঠান থেকে প্রয়োজন অনুযায়ী শিক্ষার্থীদের নিকটবর্তী প্রতিষ্ঠানে পাঠদানের বিষয়টিও বিবেচনার আহ্বান জানান শিক্ষকরা। এতে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা ভারসাম্য থাকবে বলে দাবি করেন তাঁরা।
এ ছাড়া জরাজীর্ণ ও পাঠদানের অনুপযোগী ভবনগুলো দ্রুত মেরামত, প্রয়োজন অনুযায়ী নতুন ভবন নির্মাণ এবং শিক্ষার উপযোগী পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তাঁরা। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বাস্তব সমস্যা ও সম্ভাবনা নিয়ে এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত আয়োজনের ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, শিক্ষার্থীদের সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় প্রয়োজন। মাদক, কিশোর অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে শিক্ষক ও অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফাহমিদা আফরোজ বলেন, শিক্ষার মানোন্নয়নে শুধু ভালো ফলাফল অর্জনই যথেষ্ট নয়; শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং ঝরে পড়া রোধে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সমস্যা চিহ্নিত করে প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পর্যায়ক্রমে তা সমাধানের আশ্বাস দেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. আব্দুল আজিজ বলেন, জাতির উন্নয়নের মূল ভিত্তি মানসম্মত শিক্ষা। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের জন্য প্রস্তুত করলেই হবে না; তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও প্রযুক্তিনির্ভর দক্ষতায় গড়ে তুলতে হবে। এ জন্য শিক্ষক, অভিভাবক ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভা শেষে সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফাহমিদা আফরোজ, প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজ ও বিশেষ অতিথি জেলা শিক্ষা কর্মকর্তা মো. রোস্তম আলী হেলালীর হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :